প্রধান খবর

হরমুজ প্রণালীতে ট্যাংকারে গুলি, আবারও উত্তেজনা বাড়াল ইরান

বিশ্ব বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালীতে বিদেশি জাহাজ চলাচল উন্মুক্ত রাখার ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে একটি ট্যাংকারে গুলি চালিয়েছে ইরানের সামরিক বাহিনী। ব্রিটিশ সামুদ্রিক নিরাপত্তা সংস্থা ইউকেএমটিও জানিয়েছে, শনিবার প্রণালিতে ইরানি গানবোট থেকে ট্যাংকারটিকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়।

ট্যাংকারটির ক্যাপ্টেন জানান, ওমান থেকে প্রায় ৩৭ কিলোমিটার উত্তর-পূর্বে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) দুটি গানবোট তাদের দিকে এগিয়ে আসে। ইউকেএমটিওর বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের রেডিও বার্তা বা সতর্কতা ছাড়াই গুলি চালানো হয়। তবে ট্যাংকার ও ক্রুরা নিরাপদ আছেন বলে জানা গেছে। বিষয়টি তদন্তাধীন।

সংস্থাটি নিশ্চিত করেছে, হামলায় আইআরজিসি-সংশ্লিষ্ট দুটি গানবোট জড়িত ছিল।

এদিকে একই দিনে ইরান আবারও হরমুজ প্রণালীতে অবরোধ জারি করেছে। ইরানি প্রতিরক্ষা বাহিনীর যৌথ সামরিক কমান্ড জানিয়েছে, প্রণালির নিয়ন্ত্রণ আগের মতোই সামরিক বাহিনীর হাতে থাকবে এবং ব্যবস্থাপনা পূর্বের অবস্থায় ফিরে গেছে।

এর মাত্র এক দিন আগে, ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তির পর ইরান ঘোষণা করেছিল যে যুদ্ধবিরতি চলাকালে হরমুজ প্রণালী বিদেশি বাণিজ্যিক জাহাজের জন্য উন্মুক্ত থাকবে। পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাঘচি জানিয়েছিলেন, নিরাপত্তার স্বার্থে জাহাজগুলোকে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষ নির্ধারিত রুট অনুসরণ করতে হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অবস্থান অপরিবর্তিত থাকায় পরিস্থিতি দ্রুত বদলে যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান প্রণালী খুলে দিলেও যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সম্পন্ন না হওয়া পর্যন্ত ইরানি বন্দরগুলোর ওপর মার্কিন নৌ-অবরোধ বহাল থাকবে।

হরমুজ প্রণালী ঘিরে এই পাল্টাপাল্টি অবস্থান আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *