পারস্য উপসাগরে নজরদারির সময় যুক্তরাষ্ট্রের একটি অত্যাধুনিক সামরিক ড্রোন বিধ্বস্ত হয়েছে। মার্কিন নৌবাহিনী জানিয়েছে, গত ৯ এপ্রিল হরমুজ প্রণালি এলাকায় এ ঘটনা ঘটে।
বিধ্বস্ত ড্রোনটি ছিল এমকিউ-৪সি ট্রাইটন মডেলের, যা যুক্তরাষ্ট্রের অন্যতম উন্নত নজরদারি প্রযুক্তি হিসেবে পরিচিত। দিন-রাত ২৪ ঘণ্টা আকাশে অবস্থান করে নজরদারি পরিচালনার সক্ষমতার কারণে এটিকে ‘ডানাযুক্ত উপগ্রহ’ বলা হয়। ড্রোনটির আনুমানিক মূল্য প্রায় ২৪ কোটি ডলার।
ড্রোনটি নির্মাণ করেছে মার্কিন প্রতিরক্ষা প্রতিষ্ঠান Northrop Grumman। এটি ইতালির সিসিলিতে অবস্থিত সিগোনেল্লা নৌঘাঁটি থেকে পরিচালিত হচ্ছিল বলে জানা গেছে।
নৌবাহিনীর তথ্যানুযায়ী, নিয়মিত প্রায় তিন ঘণ্টার নজরদারি শেষে ফেরার পথে ড্রোনটি হঠাৎ বিপদ সংকেত পাঠাতে শুরু করে। এরপর এর সঙ্গে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রায় ৫০ হাজার ফুট উচ্চতা থেকে এটি দ্রুত নিচে নেমে গিয়ে নিখোঁজ হয়।
ড্রোনটি শত্রুপক্ষের হামলায় বিধ্বস্ত হয়েছে কি না, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ঘটনাটি যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে সাম্প্রতিক অস্থায়ী যুদ্ধবিরতির মাত্র দুই দিনের মাথায় ঘটায় আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও সংবেদনশীল হয়ে উঠেছে।

