হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনা আবারও সামনে এসেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সেন্টার (ইউকেএমটিও) জানিয়েছে, প্রণালিতে একটি কন্টেইনার জাহাজে আইআরজিসির গানবোট থেকে গুলি চালানো হয়েছে। আক্রান্ত জাহাজটি গ্রিসের পতাকাবাহী এপামিনোন্ডাস বিবিসি ভেরিফাই এ তথ্য নিশ্চিত করেছে।
জাহাজটির ক্যাপ্টেন দাবি করেছিলেন, ইউকেএমটিও কোনো রেডিও সতর্কতা দেয়নি। তবে ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল-সংশ্লিষ্ট বার্তা সংস্থা নুর নিউজ এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, জাহাজটি ইরানি সশস্ত্র বাহিনীর দেওয়া সতর্কবার্তা উপেক্ষা করেছিল। ইউকেএমটিও জানিয়েছে, ওমানের উত্তর-পূর্বে ১৫ নটিক্যাল মাইল দূরে এই হামলা ঘটে এবং এতে জাহাজের ব্রিজে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এদিকে সামুদ্রিক গোয়েন্দা সংস্থা ভ্যানগার্ড জানিয়েছে, হরমুজ প্রণালি অতিক্রমের সময় তৃতীয় একটি পণ্যবাহী জাহাজও আক্রান্ত হয়েছে। পানামার পতাকাবাহী এমএসসি ফ্রান্সেসকা জাহাজটি প্রণালি থেকে দক্ষিণে ওমান উপসাগরের দিকে যাওয়ার সময় ইরান উপকূল থেকে প্রায় ছয় নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। ভ্যানগার্ডের তথ্যমতে, ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জাহাজটিকে সংকেত পাঠিয়ে নোঙর ফেলার নির্দেশ দেয়। হামলায় জাহাজের ক্রুদের কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে এর বাইরে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।
হরমুজ প্রণালিতে টানা হামলার কারণে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহন নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।

