ফুটবল মাঠে জাদুকরী নৈপুণ্যের পর এবার ক্লাব পরিচালনার আঙিনায় নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। স্পেনের পঞ্চম স্তরের ফুটবল ক্লাব ‘ইউডি কর্নেয়া’ (UD Cornellà) কিনে নিয়েছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই ফুটবল তারকা। গতকাল বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ক্লাব কর্তৃপক্ষের এক আনুষ্ঠানিক ঘোষণার পর বিষয়টি নিশ্চিত করেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স।
স্প্যানিশ সংবাদমাধ্যম ডেইলি স্পোর্টসের প্রতিবেদন অনুযায়ী, মেসি এই কাতালান ক্লাবটির শতভাগ শেয়ার কিনে নিয়েছেন। ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, লিওনেল মেসির এই আগমন কর্নেয়ার ইতিহাসে এক যুগান্তকারী পরিবর্তনের সূচনা করবে। এটি কেবল একটি সাধারণ মালিকানা হস্তান্তর নয়, বরং ক্লাবটির ক্রীড়া ও প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত করার একটি কৌশলগত পদক্ষেপ। এই প্রকল্পের মাধ্যমে দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও আধুনিক ফুটবলীয় দৃষ্টিভঙ্গির সমন্বয়ে ক্লাবটিকে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
ইউডি কর্নেয়া ঐতিহাসিকভাবেই ফুটবল প্রতিভা গড়ার জন্য পরিচিত। আর্সেনালের বর্তমান গোলরক্ষক ডেভিড রায়া এবং মেসির একসময়ের সতীর্থ জর্দি আলবার মতো তারকারা এই ক্লাবের একাডেমি থেকেই উঠে এসেছেন। মেসি সেই ঐতিহ্যকে আরও শক্তিশালী করতে চান। বিবৃতিতে বলা হয়েছে, কাতালোনিয়ায় স্থানীয় প্রতিভাদের খুঁজে বের করা এবং তাদের বিশ্বমানের প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে একটি সমৃদ্ধ একাডেমি গড়ে তোলাই মেসির মূল লক্ষ্য।
মাঠের পারফরম্যান্সে গত দুই মৌসুম কর্নেয়ার জন্য ছিল বেশ হতাশাজনক। টানা অবনমন (রেলিগেশন) ভোগ করে বর্তমানে তারা পঞ্চম স্তরের লিগে অবস্থান করছে। তবে মেসির বিনিয়োগের ফলে ক্লাবটি আর্থিক ও অবকাঠামোগতভাবে শক্তিশালী হবে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ফুটবল বিশেষজ্ঞদের মতে, মেসির এই পদক্ষেপ প্রমাণ করে যে ফুটবল ক্যারিয়ারের পড়ন্ত বিকেলে এসেও তিনি তৃণমূল পর্যায়ের ফুটবলের উন্নয়নে প্রতিশ্রুতিবদ্ধ। এখন দেখার বিষয়, মেসির নেতৃত্বে কর্নেয়া কত দ্রুত স্প্যানিশ ফুটবলের উচ্চতর ধাপে উঠে আসতে পারে।

