চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় নতুন মাইলফলক অর্জন করেছে চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড (সিডিডিএল)। সদ্য সমাপ্ত মে মাসে টার্মিনালটিতে ১ লাখ ২৬ হাজার ৪৯৬ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং হয়েছে, যা এনসিটির ইতিহাসে একক মাসে সর্বোচ্চ।
বন্দর সূত্রে জানা গেছে, মে মাসে হ্যান্ডলিং হওয়া কনটেইনারের মধ্যে আমদানি পণ্য ছিল ৫৯ হাজার ৮৫১ টিইইউস এবং রপ্তানি পণ্য ছিল ৬৬ হাজার ৬৪৫ টিইইউস। সব মিলিয়ে দৈনিক গড়ে ৪ হাজার ৮১ টিইইউস কনটেইনার হ্যান্ডলিং করা হয়েছে। এর আগে ২০২৫ সালের অক্টোবরে ১ লাখ ২৫ হাজার ৫৩৩ টিইইউস হ্যান্ডলিংয়ের রেকর্ড গড়া হয়েছিল।
চট্টগ্রাম বন্দরের কর্মকর্তারা জানান, ২০২৫ সালের জুলাইয়ে এনসিটির পরিচালনার দায়িত্ব গ্রহণের পর সিডিডিএল টার্মিনালের কার্যক্রমে গতি এনেছে। জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানো, খালাস ও লোডিং কার্যক্রমে সমন্বিত তৎপরতার ফলে অপারেশনাল দক্ষতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।
বর্তমানে চট্টগ্রাম বন্দরের সবচেয়ে বড় কনটেইনার টার্মিনাল হলো এনসিটি। প্রায় এক কিলোমিটার দীর্ঘ এই টার্মিনালে একসঙ্গে পাঁচটি জাহাজ ভেড়ানো যায়। বন্দরের মোট কনটেইনার হ্যান্ডলিংয়ের প্রায় অর্ধেকই এই টার্মিনালের মাধ্যমে সম্পন্ন হয়, যা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

