প্রধান খবর

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল প্রবাসী ব্যবসায়ীর

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের মিরসরাই উপজেলার প্রবাসী ব্যবসায়ী মো. কামাল উদ্দিন (৫০) নিহত হয়েছেন। কর্মস্থলে যাওয়ার পথে দ্রুতগতির একটি গাড়ির ধাক্কায় তার মর্মান্তিক মৃত্যু হয়। এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (৭ জুন) স্থানীয় সময় বিকেলে সৌদি আরবের হাইল শহরে এ দুর্ঘটনা ঘটে। পরে বাংলাদেশ সময় রাত ৯টার দিকে পরিবারের সদস্যরা তার মৃত্যুর সংবাদ জানতে পারেন। নিহত কামাল উদ্দিন মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পশ্চিম অলিনগর এলাকার বাসিন্দা এবং জালাল উদ্দিনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে ছুটি শেষে তিনি পুনরায় সৌদি আরবে ফিরে যান এবং সেখানে ফলের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ঘটনার দিন বাসা থেকে দোকানে যাওয়ার পথে একটি গাড়ি তাকে চাপা দিলে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই মো. রিয়াজ উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা পরিচালনা করছিলেন কামাল উদ্দিন। আকস্মিক এই দুর্ঘটনায় পরিবার গভীরভাবে শোকাহত। তিনি দুই কন্যা ও এক পুত্র সন্তানের জনক।

এদিকে, নিহতের মরদেহ দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা ও প্রক্রিয়া শুরু হয়েছে বলে পরিবার সূত্রে জানা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *