প্রধান খবর

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ

বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি, বীর মুক্তিযোদ্ধা, স্বাধীনতার অন্যতম ঘোষক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী আজ । ১৯৮১ সালের এই দিনে চট্টগ্রাম সার্কিট হাউসে একদল বিপথগামী সেনাসদস্যের হাতে নির্মমভাবে  খুন হন তৎকালীন এই রাষ্ট্রপ্রধান। প্রতি বছরের মতো এবারও গভীর শ্রদ্ধা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনসহ দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপি গত ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত আট দিনব্যাপী দেশব্যাপী বিশেষ কর্মসূচি ঘোষণা করেছে। কর্মসূচির অংশ হিসেবে ইতিমধ্যে সারা দেশে বিশেষ পোস্টার প্রকাশ করা হয়েছে এবং দলীয় নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ করেছেন। এছাড়া বিভিন্ন গণমাধ্যমে দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করা হয়েছে।

আজ শনিবার (৩০ মে) ভোর ৬টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়সহ দেশের সকল স্তরের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা এবং কালো পতাকা উত্তোলন করা হয়। বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সিনিয়র নেতৃবৃন্দ এবং সর্বস্তরের নেতাকর্মীরা শেরেবাংলা নগরে শহীদ রাষ্ট্রপতির মাজারে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। জিয়ারত শেষে মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে এক বিশেষ দোয়া ও মোনাজাত মাহফিল অনুষ্ঠিত হবে।

দিবসটি উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির প্রতিটি থানাসহ দেশের জেলা ও মহানগর পর্যায়ে অসচ্ছল ও দুস্থ মানুষের মাঝে কাপড়, চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরণ করা হচ্ছে। এছাড়া আগামীকাল ৩১ মে (রোববার) বেলা ২টায় রাজধানীর রমনাস্থ ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে বিএনপির উদ্যোগে এক কেন্দ্রীয় আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

ঐতিহাসিক প্রেক্ষাপট বিবেচনায়, জিয়াউর রহমান ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অন্যতম সেক্টর কমান্ডার ও জেড ফোর্সের অধিনায়ক হিসেবে বীরত্বপূর্ণ ভূমিকা পালন করেন। ১৯৭৮ সালে তিনি বাংলাদেশি জাতীয়তাবাদের কালজয়ী দর্শনের ওপর ভিত্তি করে বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্রের পুনর্প্রবর্তন এবং দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) গঠনের স্বপ্নদ্রষ্টা হিসেবে তাকে স্মরণ করা হয়।

রাজনৈতিকভাবে এই শাহাদাৎবার্ষিকীটি বিএনপির জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সম্প্রতি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে সরকার গঠন করেছে বিএনপি। শহীদ জিয়ার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান বর্তমানে দলের চেয়ারম্যান এবং নতুন সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। দেশের মানুষের বিপুল আস্থা ও সমর্থন নিয়ে এ পর্যন্ত পাঁচবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেল বিএনপি। আজ রাষ্ট্রাচার ও দলীয় শৃঙ্খলার মধ্য দিয়ে দেশজুড়ে এই মহান নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *