জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থাকা এই অভিনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে। শনিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে তার অসুস্থতার খবরটি নিশ্চিত করেন ‘ডানা ভাই’ খ্যাত অপর জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা। পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কারিনা কায়সার গত এক সপ্তাহ ধরে তীব্র জ্বরে ভুগছিলেন।হঠাৎ তিনি সংজ্ঞাহীন হয়ে পড়লে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, কারিনা হেপাটাইটিস ‘এ’ এবং হেপাটাইটিস ‘ই’ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই দ্বৈত সংক্রমণের প্রভাবে তার লিভারে গুরুতর জটিলতা তৈরি হয়, যা শেষ পর্যন্ত লিভার ফেইলিউরের দিকে গড়ায়। আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় শুক্রবার রাত থেকে তার শারীরিক অবস্থার আরও অবনতি ঘটে এবং কৃত্রিম শ্বাসপ্রশ্বাস বা লাইফ সাপোর্টের প্রয়োজনীয়তা দেখা দেয়।
সহকর্মী ডানা জানিয়েছেন, চিকিৎসকরা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন, তবে কারিনার অবস্থা বর্তমানে সংকটাপন্ন। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে জরুরি ভিত্তিতে ভারতে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে তার পরিবার। এয়ার অ্যাম্বুলেন্সসহ অন্যান্য প্রস্তুতি সম্পন্ন করতে পরিবারের সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
এদিকে কারিনা কায়সারের এই গুরুতর অসুস্থতার সংবাদ ছড়িয়ে পড়ার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শোক এবং উদ্বেগের ছায়া নেমে এসেছে। তার সহকর্মী, বন্ধু-বান্ধব এবং অগুনতি ভক্ত তার দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার ভক্তরা তার সুস্বাস্থ্যের জন্য দোয়া চেয়ে নিয়মিত পোস্ট দিচ্ছেন। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে কারিনার জনপ্রিয়তা ব্যাপক হওয়ায় তার এই শারীরিক অবস্থা সবাইকে মর্মাহত করেছে।

