পাবনার ঈশ্বরদীতে অবস্থিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপুরে আজ আনুষ্ঠানিকভাবে পারমাণবিক জ্বালানি (ফুয়েল) লোডিং কার্যক্রম শুরু হচ্ছে। এর মাধ্যমে প্রকল্পটি নির্মাণধাপ অতিক্রম করে বিদ্যুৎ উৎপাদনের অপারেশনাল পর্যায়ে প্রবেশ করতে যাচ্ছে, যা দেশের জ্বালানি খাতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ সংযোগের জন্য প্রয়োজনীয় সব সঞ্চালন অবকাঠামো ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী জানিয়েছেন, ফুয়েল লোডিং প্রক্রিয়া সম্পন্ন হতে প্রায় ১৫ দিন এবং পরবর্তী পরীক্ষা-নিরীক্ষায় আরও ১৫ দিন সময় লাগবে। সব প্রক্রিয়া শেষে আগামী আগস্ট নাগাদ প্রাথমিকভাবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ধাপে ধাপে বৃদ্ধি পাবে।
পরিকল্পনা অনুযায়ী, বছরের শেষ নাগাদ উৎপাদন ক্ষমতা ১ হাজার মেগাওয়াটে উন্নীত করা সম্ভব হতে পারে। পাশাপাশি, দ্বিতীয় ইউনিটের ফুয়েল লোডিং শুরু হবে ২০২৭ সালের মাঝামাঝি সময়ে এবং ওই বছরের সেপ্টেম্বর নাগাদ দুই ইউনিট মিলিয়ে মোট ২ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার প্রত্যাশা করা হচ্ছে।
উল্লেখ্য, তৃতীয় প্রজন্মের ভিভিইআর-১২০০ প্রযুক্তিনির্ভর এই বিদ্যুৎকেন্দ্রে উন্নত নিরাপত্তা ব্যবস্থা, যেমন ‘কোর ক্যাচার’ প্রযুক্তি সংযোজিত রয়েছে। প্রকল্পটি দীর্ঘ সময় ধরে নানা বৈশ্বিক ও স্থানীয় চ্যালেঞ্জ মোকাবিলা করে বাস্তবায়নের পথে এগিয়ে এসে এখন পরীক্ষামূলক উৎপাদনের দ্বারপ্রান্তে পৌঁছেছে।

