সংযুক্ত আরব আমিরাতভিত্তিক বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ বহরে নতুন ওয়াইডবডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করেছে। ক্রমবর্ধমান যাত্রী চাহিদা মোকাবিলা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আন্তোনালদো নেভেস জানান, যাত্রী পরিবহনের চাহিদা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাওয়ায় কোম্পানি ডাবল-ডিজিট সংখ্যক বৃহৎ উড়োজাহাজ কেনার পরিকল্পনা করছে। তবে সম্ভাব্য ক্রয়ের সংখ্যা বা বিনিয়োগের পরিমাণ সম্পর্কে তিনি নির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করেননি।
ব্রাজিলে অনুষ্ঠিত বৈশ্বিক এয়ারলাইন প্রধানদের এক সম্মেলনে তিনি আরও বলেন, আগামী ১৫ জুনের মধ্যে ইতিহাদের ফ্লাইট পরিচালনা গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৮ শতাংশ বৃদ্ধি পাবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন উড়োজাহাজ সংযোজনের মাধ্যমে সংস্থাটি বৈশ্বিক বাজারে নিজেদের অবস্থান আরও শক্তিশালী করতে সক্ষম হবে।

