একদিনের সরকারি কর্মসূচিতে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল প্রায় ১০টায় তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দরে অবতরণ করে। এর আগে সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানীর গুলশানের বাসা থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেন।
সরকারপ্রধানের সফরের মূল কর্মসূচির মধ্যে রয়েছে উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন। বেলা ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শা উপজেলায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধনের মাধ্যমে দিনের কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এরপর খালসংলগ্ন স্থানে আয়োজিত এক সুধী সমাবেশে বক্তব্য প্রদান করবেন তিনি।
এছাড়া বিকেল ৩টায় যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। পরবর্তীতে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন এবং বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন।
দিনব্যাপী কর্মসূচি শেষে প্রধানমন্ত্রী আকাশপথে ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে জানিয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র। উল্লেখ্য, প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটি তারেক রহমানের যশোরে প্রথম সরকারি সফর।

