স্বাদ, গুণগত মান ও ঐতিহ্যের অনন্য সমন্বয়ে দেশের অন্যতম জনপ্রিয় ফল মাগুরার লিচু। বিশেষ করে জেলার হাজরাপুর এলাকার লিচু জি-আই পণ্যের স্বীকৃতি পাওয়ার পর এর সুনাম ছড়িয়ে পড়েছে দেশজুড়ে। চলতি মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে এই সুস্বাদু ফল, আর লিচুকে ঘিরে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে স্থানীয় অর্থনীতিতে।
কৃষি বিভাগ ও স্থানীয় চাষিদের সঙ্গে কথা বলে জানা যায়, এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় জেলায় লিচুর ফলন মোটামুটি ভালো। কোথাও বাম্পার ফলন, কোথাও তুলনামূলক কম তবে সামগ্রিকভাবে উৎপাদন সন্তোষজনক হওয়ায় খুশি বাগান মালিক ও ব্যবসায়ীরা।
মাগুরা সদর উপজেলায় রয়েছে তিন হাজারেরও বেশি বাণিজ্যিক লিচু বাগান। এসব বাগানকে কেন্দ্র করে পরিবহন, পাইকারি বেচাকেনা, শ্রমিক নিয়োগ, প্যাকেজিংসহ বিশাল অর্থনৈতিক কর্মকাণ্ড গড়ে উঠেছে। দেশি জাতের পাশাপাশি বোম্বাই ও চায়না-৩ জাতের লিচুর চাষ এখন ব্যাপক জনপ্রিয়। আকার, স্বাদ ও সংরক্ষণ ক্ষমতা ভালো হওয়ায় দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা আগাম বাগান কিনতে ছুটে আসছেন।
এই মৌসুমে মাগুরার লিচু শুধু স্থানীয় বাজারেই নয়, দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহের প্রস্তুতিও চলছে। জি-আই স্বীকৃতির কারণে হাজরাপুরের লিচুর প্রতি ক্রেতাদের আস্থা আরও বেড়েছে, যা ভবিষ্যতে রপ্তানির সম্ভাবনাও উজ্জ্বল করছে।

