দীর্ঘমেয়াদী ভিসার ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন এনেছে ভারত। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নতুন প্রজ্ঞাপনে জানিয়েছে, ১৮০ দিনের ভিসা নিয়ে ভারতে প্রবেশ করা বিদেশিদের যদি ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও দেশে অবস্থান করতে হয়, তবে মেয়াদ শেষ হওয়ার আগেই বাধ্যতামূলকভাবে নিবন্ধন (রেজিস্ট্রেশন) সম্পন্ন করতে হবে। আগে ভিসার মেয়াদ পেরিয়ে যাওয়ার ১৪ দিনের মধ্যে নিবন্ধনের সুযোগ ছিল, কিন্তু নতুন নীতিতে সেই বিধান আর থাকছে না।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, ১ জুন জারি করা প্রজ্ঞাপনে ‘ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স রুলস, ২০২৫’-এর ১২ নম্বর বিধি সংশোধন করা হয়েছে। সংশোধিত আইনে বিদেশি নাগরিকদের সন্তানদের জন্য বিশেষ ছাড় রাখা হয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোর রিপোর্টিং ব্যবস্থায়ও প্রশাসনিক পরিবর্তন আনা হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, যেসব বিদেশির মোট ভিসার মেয়াদ ১৮০ দিনের বেশি হলেও একটানা ভারতে থাকার সর্বোচ্চ সীমা ১৮০ দিন তাদের ক্ষেত্রেও একই বাধ্যবাধকতা প্রযোজ্য হবে। অর্থাৎ, তারা যদি কোনো কারণে একটানা বা এক ক্যালেন্ডার বছরে মোট ১৮০ দিনের বেশি ভারতে থাকতে চান, তবে ১৮০ দিনের সময়সীমা শেষ হওয়ার আগেই নিবন্ধন করতে হবে।
নয়াদিল্লি সরকারের মতে, এই পরিবর্তনের মাধ্যমে ভারতে অবস্থানরত বিদেশিদের ওপর প্রশাসনিক নজরদারি আরও জোরদার হবে এবং অভিবাসন তদারকি প্রক্রিয়া আরও কার্যকর হবে।

