নয়াদিল্লির মালভিয়া নগরে ভয়াবহ অগ্নিকাণ্ডে পাঁচজন বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। এ ঘটনায় স্থানীয় কয়েকজনের প্রাণহানি এবং বহু মানুষের আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দমকল ও উদ্ধারকর্মীরা দীর্ঘ সময় ধরে কাজ করেন।
বুধবার বাংলাদেশ হাইকমিশন জানায়, আহত পাঁচ বাংলাদেশির মধ্যে তিনজন দিল্লির সাকেত এলাকার ম্যাক্স হাসপাতালে এবং বাকি দুজন সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের শারীরিক অবস্থার ওপর নিবিড় নজর রাখা হচ্ছে এবং প্রয়োজনীয় চিকিৎসা নিশ্চিত করতে হাইকমিশন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।
এক বিবৃতিতে বাংলাদেশ হাইকমিশন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানায় এবং দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের প্রতি আন্তরিক সহানুভূতি প্রকাশ করে। একই সঙ্গে আহতদের দ্রুত সুস্থতা কামনা করা হয়। অগ্নিকাণ্ডের পর উদ্ধার ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের নিরলস প্রচেষ্টারও প্রশংসা করেছে হাইকমিশন।

