ভারতের বিহার রাজ্যের মুজাফ্ফরপুর জেলার একটি বেসরকারি হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত চারজন রোগীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরে হাসপাতালের আইসিইউ বিভাগে আগুন লাগার পর এ হতাহতের ঘটনা ঘটে। উদ্ধার অভিযান চলমান থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
স্থানীয় প্রশাসন ও দমকল সূত্রে জানা যায়, মুজাফ্ফরপুরের প্রসাদ হাসপাতালের পঞ্চম তলায় অবস্থিত আইসিইউতে ভোর প্রায় ৩টা ৫৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে দমকল বাহিনীর একাধিক ইউনিট।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আইসিইউ থেকে ১৫ থেকে ২০ জন রোগীকে উদ্ধার করা হয়েছে। আহত ও অসুস্থ রোগীদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতদের মধ্যে কয়েকজনের মৃত্যু ঘটনাস্থলেই হয়েছে বলে জানা গেছে।
জেলা প্রশাসন জানিয়েছে, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

