ফিফা বিশ্বকাপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছেড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। রোববার মধ্যরাতে রাজধানী বুয়েনস এইরেসের মিনিস্ত্রো পিস্তারিনি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে বিশ্বকাপের ভেন্যুর উদ্দেশে রওনা দেয় আলবিসেলেস্তেরা।
দলটির সঙ্গে ছিলেন আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া এবং কোচিং স্টাফের সদস্যরা। ১৯৭৮ সালে আর্জেন্টিনার প্রথম বিশ্বকাপ জয়ের স্মরণে বিশেষ ফ্লাইটটির নামকরণ করা হয়েছে ‘এআর ১৯৭৮’।
২৬ সদস্যের স্কোয়াডে রয়েছেন ক্রিস্তিয়ান রোমেরো, নিকোলাস ওতামেন্দি, এনসো ফার্নান্দেজ, লিয়ান্দ্রো পারেদেস, হুলিয়ান আলভারেস, জিওভানি লো সেলসোসহ একাধিক তারকা ফুটবলার। অন্যদিকে, যুক্তরাষ্ট্রে অবস্থান করায় অধিনায়ক লিওনেল মেসি সরাসরি দলের সঙ্গে অনুশীলনে যোগ দেবেন।
প্রায় ১১ ঘণ্টার ভ্রমণ শেষে কানসাস সিটিতে পৌঁছানোর কথা আর্জেন্টিনা দলের। বিশ্বকাপের আগে তারা হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে।
আগামী ১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ পর্বে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।

