আসন্ন ২৩তম ফুটবল বিশ্বকাপ শুরু হতে যাচ্ছে আগামী ১১ জুন। মাঠে খেলা গড়ানোর আগেই রাজধানীজুড়ে শুরু হয়েছে বিশ্বকাপের উন্মাদনা। ফুটপাত থেকে স্পোর্টস শোরুম-সবখানেই এখন রঙিন জার্সি ও পতাকার বন্যা। আকাশি-সাদা, হলুদ-সবুজ, লাল-কালোসহ নানা রঙে সেজেছে দোকানের তাক ও ফুটপাতের পসরা।
গুলিস্তানের ফুটপাত ও স্পোর্টস মার্কেট ঘুরে দেখা গেছে, দেশের বিভিন্ন জেলা থেকে খুচরা বিক্রেতারা জার্সি কিনতে এসেছেন। পাশাপাশি সাধারণ ক্রেতারাও নিজেদের পছন্দের দলের জার্সি কিনছেন উৎসাহ নিয়ে।
ফুটপাত ও শোরুমে সারি সারি সাজানো রয়েছে ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডসহ জনপ্রিয় দলের জার্সি।
ফুটপাতে জার্সির দাম ১০০-৩০০ টাকা
দোকান ও শোরুমে দাম ৫০০ টাকার নিচে নেই
উন্নতমানের জার্সির দাম সর্বোচ্চ ১,৮০০ টাকা পর্যন্ত
বিশ্বকাপ ঘিরে রাজধানীর ফুটপাত ও বাজারগুলোতে যে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে, তা ফুটবলপ্রেমীদের উন্মাদনাকেই আরও স্পষ্ট করে।

