রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারর বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। এর মধ্য দিয়ে মামলাটির আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হলো। সোমবার (১ জুন) সকাল সাড়ে ১০টায় ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন শুনানি শেষে এ আদেশ দেন। আগামীকাল (২ জুন) থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।
সকালে প্রিজন ভ্যানে করে আসামিদের আদালতে আনা হয়। সোহেল রানাকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের হাজতখানায় এবং স্বপ্নাকে নারী হাজতখানায় রাখা হয়। শুনানিকালে দুজনকেই এজলাসে তোলা হয়। এর আগে গত ২৪ মে একই আদালত অভিযোগ আমলে নিয়ে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুন তারিখ ধার্য করেছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা পল্লবী থানার উপপরিদর্শক অহিদুজ্জামান গত ২৪ মে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট জমা দেন। পরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক চার্জশিট গ্রহণ করে মামলাটি বিচারের জন্য ট্রাইব্যুনালে বদলির আদেশ দেন।

