ইসলামী ব্যাংকের সদ্য নিয়োগপ্রাপ্ত চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত গ্রাহকদের ওপর লাঠিচার্জ করেছে পুলিশ। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামান ব্যবহার ও টিয়ারগ্যাস নিক্ষেপও করা হয়। ছত্রভঙ্গ হওয়ার পরও বিক্ষোভকারীরা কিছু সময় পর আবার ব্যাংকের প্রধান কার্যালয়ের আশপাশে জড়ো হওয়ার চেষ্টা করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, তাদের কর্মসূচি ছিল শান্তিপূর্ণ। কোনো ধরনের উসকানি ছাড়াই পুলিশ বলপ্রয়োগ করেছে। তাদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান এস আলম গ্রুপের ঘনিষ্ঠ ব্যক্তি হওয়ায় ব্যাংকে আবারও অনিয়ম ও লুটপাটের আশঙ্কা তৈরি হয়েছে। তাই তারা চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে আন্দোলনে নেমেছেন। ঘটনার পর ব্যাংকের প্রধান কার্যালয় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিরাপত্তা জোরদার করা হয়েছে।
ঢাকা মহানগর পুলিশের মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার এন এম নাসিরুদ্দিন জানান, তিন থেকে চারশ বিক্ষোভকারী ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয় অবরোধ করতে গেলে মতিঝিলের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকায় অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হচ্ছিল এবং যানজট তৈরি হচ্ছিল। পুলিশ বারবার সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও বিক্ষোভকারীরা বাগবিতণ্ডায় জড়ান এবং ধাকাধাক্কি শুরু করেন, যার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে বলপ্রয়োগ করা হয়।

