কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সারের মরদেহ ভারতের চেন্নাই থেকে দেশে পৌঁছেছে। লিভারজনিত জটিলতায় চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবার রাতে তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।
পরিবার সূত্রে জানা গেছে, রোববার মাগরিবের নামাজের পর রাজধানীর বনানী ডিওএইচএস মাঠে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ এশা বনানী দরবার শরিফে দ্বিতীয় জানাজা সম্পন্ন হবে। রাত ১০টায় কেন্দ্রীয় শহীদ মিনারে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য মরদেহ নেওয়া হবে।
আগামীকাল সোমবার ফজরের নামাজের পর মুন্সিগঞ্জের আবদুল্লাহপুরে তাকে দাফন করা হবে। এর আগে উন্নত চিকিৎসার জন্য গত সোমবার রাতে এয়ার অ্যাম্বুলেন্সে তাকে ভারতের চেন্নাইয়ে নেওয়া হয়েছিল। ভেলোরের খ্রিস্টান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ ছিলেন কারিনা কায়সার। প্রথমে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়া হয়।

