রাজধানী ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এই পরিস্থিতি সংশ্লিষ্ট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।
সোমবার (৪ মে) ভোর থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, বরিশাল, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে তীব্র বেগে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পাশাপাশি বজ্র বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদদের মতে, ঝড়ের সময় নদী উত্তাল থাকায় ছোট-বড় সকল নৌযানকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষ করে এই আটটি অঞ্চলের অভ্যন্তরীণ নদীপথগুলোতে চলাচলরত নৌযানগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
রোববার রাতে প্রকাশিত পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, সোমবার সন্ধ্যা ৬টার মধ্যে ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। তবে আবহাওয়া অফিস বিশেষভাবে সতর্ক করেছে যে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো স্থানে মাঝারি ধরনের ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে।
বৃষ্টির সম্ভাবনা থাকলেও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। কালবৈশাখীর এই মৌসুমে আকস্মিক বজ্রপাত ও দমকা হাওয়ার কারণে সাধারণ মানুষকে চলাচলের সময় বাড়তি সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদরা।

