প্রধান খবর

দীপু মনি-ফারজানা রূপাসহ ৯ আসামি ট্রাইব্যুনালে

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে ২০১৩ সালের হেফাজতে ইসলামের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি, সাংবাদিক ফারজানা রূপাসহ ৯ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

রোববার (৭ জুন) সকালে তাদের কারাগার থেকে ট্রাইব্যুনালে আনা হয়। বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন নির্ধারিত ছিল। এ উপলক্ষে আসামিদের আদালতে উপস্থিত করা হয়।

প্রসিকিউশন সূত্রে জানা যায়, গত ১৪ মে ডা. দীপু মনি, ফারজানা রূপা ও মোজাম্মেল বাবুকে মামলায় গ্রেপ্তার দেখানো হয়। তবে তদন্ত কার্যক্রম এখনও চলমান থাকায় নির্ধারিত সময়ে তদন্ত প্রতিবেদন দাখিল সম্ভব না হওয়ায় অতিরিক্ত সময়ের আবেদন করা হতে পারে।

মামলার অন্যান্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসান, সাবেক আইজিপি একেএম শহিদুল হক, সাবেক ডিআইজি মোল্যা নজরুল ইসলাম, শাহরিয়ার কবির, সাবেক ডিআইজি আবদুল জলিল মণ্ডল এবং সাংবাদিক মোজাম্মেল বাবু।

প্রসিকিউশনের দাবি অনুযায়ী, ২০১৩ সালের ৫ মে হেফাজতে ইসলামের সমাবেশ ঘিরে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম ও কুমিল্লায় মোট ৫৮ জন নিহত হন। তদন্ত সংস্থা এ পর্যন্ত নিহতদের পরিচয় শনাক্ত করেছে বলে জানানো হয়েছে। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *