প্রধান খবর

তিন দিন ধীরগতির হতে পারে ইন্টারনেট

দেশব্যাপী ইন্টারনেট সেবায় সাময়িক বিঘ্ন ও ধীরগতির আশঙ্কা তৈরি হয়েছে। কুয়াকাটায় অবস্থিত দেশের দ্বিতীয় সাবমেরিন কেবল রক্ষণাবেক্ষণের কারণে আগামী বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাত থেকে তিন দিনের কিছু বেশি সময় এ পরিস্থিতি থাকতে পারে।

বুধবার (৮ এপ্রিল) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি। এতে বলা হয়, ‘সি-এমই-ডব্লিউই-৫’ সাবমেরিন কেবলের শাট ফল্ট মেরামতের কাজ ৯ এপ্রিল রাত ১০টা থেকে শুরু হয়ে ১৩ এপ্রিল ভোর ৬টা পর্যন্ত চলবে।

এ সময় কুয়াকাটা ল্যান্ডিং স্টেশন দিয়ে পরিচালিত সিঙ্গাপুরমুখী সার্কিটগুলো সাময়িকভাবে বন্ধ থাকবে। ফলে ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতি বা আংশিক সেবা বিঘ্নের সম্মুখীন হতে পারেন।

তবে কক্সবাজার-এ স্থাপিত দেশের প্রথম সাবমেরিন কেবল ‘সি-এমই-ডব্লিউই-৪’ সচল থাকায় পুরো দেশ ইন্টারনেট বিচ্ছিন্ন হবে না বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবুও সামগ্রিক গতিতে প্রভাব পড়তে পারে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দ্রুততম সময়ের মধ্যে কাজ সম্পন্ন করে স্বাভাবিক সেবা পুনরুদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চলছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *