কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করে অচিরেই আন্তর্জাতিক ফ্লাইট চালুর পরিকল্পনা করছে সরকার। এ তথ্য জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, কক্সবাজার বিমানবন্দর-কে আন্তর্জাতিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। বড় উড়োজাহাজ অবতরণের সুবিধার্থে রানওয়ে ৯ হাজার ফুট থেকে বাড়িয়ে ১০ হাজার ৭০০ ফুট করা হয়েছে। পাশাপাশি প্রায় ১৭ হাজার ৯৫৫ বর্গমিটার আয়তনের আধুনিক টার্মিনাল ভবন নির্মাণ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, আন্তর্জাতিক মানদণ্ড পূরণে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইসিএও) থেকে প্রয়োজনীয় সনদও নেওয়া হয়েছে। বর্তমানে বিমানবন্দরের অপারেশনাল কার্যক্রম, টেস্টিং ও কমিশনিং চলছে এবং আগামী কয়েক মাসের মধ্যেই এটি পূর্ণাঙ্গ আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে চালু হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, বিশ্বের বিভিন্ন শীর্ষ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং খুব দ্রুতই আন্তর্জাতিক ফ্লাইট চালু করা সম্ভব হবে।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর কার্যক্রম সম্পর্কেও ইতিবাচক তথ্য তুলে ধরে মন্ত্রী জানান, সংস্থাটি বর্তমানে লাভজনক অবস্থানে রয়েছে এবং গ্রাউন্ড হ্যান্ডলিং সেবা প্রদান করে উল্লেখযোগ্য রাজস্ব আয় করছে। তবে উড়োজাহাজের স্বল্পতা কাটাতে নতুন বিমান সংযোজনের প্রক্রিয়া চলমান রয়েছে।

