চীন সরকারের আমন্ত্রণে আগামী জুন মাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও এর অঙ্গসংগঠন যুবদল-ছাত্রদলের ২০ তরুণ নেতা চীন সফরে যাচ্ছেন। ৪ জুন থেকে ১৪ জুন পর্যন্ত অনুষ্ঠিতব্য এ সফরে অংশগ্রহণকারীরা দেশটির উন্নয়ন, প্রযুক্তি, শিক্ষা ব্যবস্থা এবং তৃণমূল প্রশাসন সম্পর্কে প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবেন। সফরের যাবতীয় ব্যয়ভার বহন করবে চীন সরকার।
সম্প্রতি প্রকাশিত চীনা দূতাবাসের তালিকা অনুযায়ী প্রতিনিধি দলে স্থান পেয়েছেন বিভিন্ন পর্যায়ের তরুণ রাজনৈতিক নেতারা। সফরকালে তারা চীনের চংকিং ও সাংহাই শহর পরিদর্শন করবেন এবং গ্রামীণ পুনরুজ্জীবন, উৎপাদনশীল শক্তির বিকাশ ও প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে ধারণা নেবেন।
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সম্পাদক জান্নাতুল নওরীন উর্মি বলেন, তরুণ নেতৃত্বের জন্য আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি আশা প্রকাশ করেন, এই সফর থেকে অর্জিত জ্ঞান ও অভিজ্ঞতা ভবিষ্যতে দেশের উন্নয়ন ও নেতৃত্ব বিকাশে কার্যকর ভূমিকা রাখবে।
চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের পাঠানো আমন্ত্রণপত্রে উল্লেখ করা হয়েছে, সফর চলাকালে প্রতিনিধি দলটি স্থানীয় নীতিনির্ধারক, গবেষক ও থিংক ট্যাংক বিশেষজ্ঞদের সঙ্গে মতবিনিময়ের সুযোগও পাবে। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে এ সফরকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

