কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার পচামাদিয়া হাই স্কুলপাড়া এলাকায় একটি পানি পড়ার আস্তানায় আরবি হরফসংবলিত একটি কাফনের কাপড় পাওয়াকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল ও রহস্যের সৃষ্টি হয়েছে। রোববার (৭ জুন) সকালে এলাকাবাসী কাপড়টি দেখতে পেয়ে ঘটনাস্থলে ভিড় জমায়।
স্থানীয় সূত্রে জানা যায়, কাপড়টির ওপর আরবি ভাষায় কিছু লেখা এবং বিশেষ ধরনের নকশা অঙ্কিত ছিল। বিষয়টি দ্রুত এলাকাজুড়ে ছড়িয়ে পড়লে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কাপড়টি পর্যবেক্ষণ করেন। তবে কে বা কারা গভীর রাতে কাপড়টি সেখানে রেখে গেছে, সে বিষয়ে এখনো কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
এলাকাবাসীর একাংশের ধারণা, এটি কোনো কুসংস্কারমূলক কর্মকাণ্ড বা জাদুটোনার সঙ্গে সম্পৃক্ত হতে পারে। এ কারণে ঘটনাটির প্রকৃত কারণ উদ্ঘাটনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের দাবি জানিয়েছেন তারা। একই সঙ্গে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
এ বিষয়ে স্থানীয় মসজিদের ইমাম জাহাঙ্গীর আলম জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি আরবি বা অন্য কোনো ভাষায় লেখা একটি কাপড় দেখতে পান, যেখানে কিছু নকশাও অঙ্কিত ছিল। তার ধারণা, সেটি কাফনের কাপড় হতে পারে। পরে যোহরের নামাজের পর পুনরায় সেখানে গেলে তিনি দেখতে পান, স্থানীয় লোকজন কাপড়টি পুড়িয়ে ফেলেছে।
অন্যদিকে, দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে পুলিশ আনুষ্ঠানিকভাবে অবগত নয়।

