পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে ঘরমুখো মানুষের যাত্রা বাড়তে শুরু করেছে। সরকারি ছুটি শুরুর আগেই উত্তরবঙ্গমুখী মহাসড়কগুলোতে যানবাহনের চাপ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এর প্রভাব পড়েছে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগপথ যমুনা সেতুতেও। গত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে প্রায় ৩৫ হাজার যানবাহন পারাপার হয়েছে এবং টোল আদায় হয়েছে সোয়া ৩ কোটি টাকার বেশি।
যমুনা সেতু কর্তৃপক্ষ জানিয়েছে, শুক্রবার দিবাগত রাত ১২টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় সেতু দিয়ে মোট ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে। এসব যানবাহন থেকে মোট ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা টোল আদায় করা হয়। স্বাভাবিক সময়ের তুলনায় এ সময়ে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে।
কর্তৃপক্ষের তথ্যমতে, পূর্ব টোল প্লাজা দিয়ে ১৮ হাজার ৮৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ২১ হাজার ৪৫০ টাকা। অন্যদিকে পশ্চিম টোল প্লাজা দিয়ে ১৬ হাজার ১০৭টি যানবাহন চলাচল করেছে, যার বিপরীতে আদায় হয়েছে ১ কোটি ৫৪ লাখ ১১ হাজার ৯৫০ টাকা।
যমুনা সেতু কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রায় যানবাহনের বাড়তি চাপ সামাল দিতে অতিরিক্ত বুথ চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার থেকে নিয়মিত ১৪টি বুথের পাশাপাশি আরও ৪টি বুথ চালু করে মোট ১৮টি বুথে টোল আদায় কার্যক্রম পরিচালনা করা হবে।
এদিকে সিরাজগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, ঈদে ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে ছয় শতাধিক পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এখন পর্যন্ত মহাসড়কের কোথাও উল্লেখযোগ্য যানজটের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

