প্রধান খবর

অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে ফিরলেন বাবর আজম

গত মার্চে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ছিলেন না বাবর আজম। তবে পাকিস্তান সুপার লিগ ও বাংলাদেশে টেস্ট সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের পর আবারও একদিনের ক্রিকেটে ফিরলেন তিনি। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরের মাঠে ৩০ মে শুরু হতে যাওয়া তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ঘোষিত দলে রাখা হয়েছে এই ডানহাতি ব্যাটারকে। স্কোয়াডে জায়গা পেয়েছেন শুধু টি–টোয়েন্টি খেলা উইকেটকিপার রোহাইল নাজির, বাঁহাতি স্পিনার আরাফাত মিনহাস এবং ফাস্ট বোলার আহমেদ দানিয়াল।

শাহীন শাহ আফ্রিদির ডেপুটি হয়েছেন সালমান আগা। তবে সবচেয়ে বড় চমক হলো মোহাম্মদ রিজওয়ানের বাদ পড়া। পিসিবি শুক্রবার যে ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে, তাতে রিজওয়ানের অনুপস্থিতি ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

বাবর ছাড়াও পাকিস্তান ফিরিয়ে এনেছে আরও দুই অভিজ্ঞ ক্রিকেটার শাদাব খান ও নাসিম শাহকে। ২০২৫ সালের নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে ঘরের মাঠে শেষ ওয়ানডে সিরিজে ছিলেন বাবর ও নাসিম। সেই সিরিজ পাকিস্তান জিতেছিল ৩-০ ব্যবধানে। শাদাবের শেষ ওয়ানডে ছিল ২০২৩ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে। পিএসএলে পেশোয়ার জালমির হয়ে ২২ উইকেট নিয়ে টুর্নামেন্টসেরা হওয়া রিস্ট স্পিনার সুফিয়ান মুকিমও ফিরেছেন ওয়ানডে দলে। তার শেষ ওয়ানডে ছিল ২০২৫ সালের আগস্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

বাংলাদেশের বিপক্ষে মার্চে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজে পাকিস্তান ছয়জনকে অভিষেক করিয়েছিল। সেই দলে থাকা ফয়সাল আকরাম, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও সাদ মাসুদ এবার বাদ পড়েছেন।

পাকিস্তানের ওয়ানডে স্কোয়াড: শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), সালমান আলি আগা (সহ–অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আরাফাত মিনহাস, বাবর আজম, হারিস রউফ, মাজ সাদাকাত, গাজী ঘোরী (উইকেটরক্ষক), নাসিম শাহ, রোহাইল নাজির (উইকেটরক্ষক), সাহিবজাদা ফারহান, শাদাব খান, শামিল হোসেন এবং সুফিয়ান মুকিম।

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *