প্রধান খবর

অপরাধ কমেছে, উন্নত হয়েছে আইনশৃঙ্খলা পরিস্থিতি: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশে গত বছরের তুলনায় অপরাধের হার হ্রাস পেয়েছে এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (৮ জুন) সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ২০২৫ সালের তুলনায় বর্তমানে দেশে অপরাধের সংখ্যা কমেছে। তিনি উল্লেখ করেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সম্পর্কে চূড়ান্ত মূল্যায়ন করবে জনগণ। তবে বাহিনীর সদস্যদের নৈতিকভাবে উৎসাহিত করা জরুরি, যাতে তারা জনআকাঙ্ক্ষা অনুযায়ী আইনের শাসন প্রতিষ্ঠায় আরও কার্যকর ভূমিকা রাখতে পারেন।

তিনি জানান, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার দ্রুত তদন্ত ও সফল আইন প্রয়োগে অবদান রাখার স্বীকৃতিস্বরূপ ১৫ জন পুলিশ সদস্যকে পুরস্কৃত করেছে সরকার। এর মধ্যে রামিসা হত্যাকাণ্ডের দ্রুত তদন্ত, দৌলতদিয়া ঘাটে অন্তত ৫০ জন যাত্রীর প্রাণ রক্ষায় পেশাদারিত্বপূর্ণ ভূমিকা এবং মুন্সিগঞ্জের গজারিয়ায় কিশোরী হত্যা মামলার রহস্য উদঘাটন উল্লেখযোগ্য।

সালাহউদ্দিন আহমদ বলেন, ভালো কাজের স্বীকৃতি এবং অনিয়মের ক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করার নীতিতে সরকার বিশ্বাস করে। এ ধরনের উদ্যোগ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের মনোবল বৃদ্ধি করবে এবং তাদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

এ সময় তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রকাশিত প্রতিবেদনের সমালোচনা করে বলেন, প্রতিবেদনটি মূলত সংবাদমাধ্যমনির্ভর। বাস্তব পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা অবস্থা গত বছরের তুলনায় অনেক বেশি উন্নত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *