এপ্রিলের তৃতীয় সপ্তাহে শুরু হতে যাওয়া বাংলাদেশ-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজের টিকিটমূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত মূল্যতালিকা অনুযায়ী, সর্বনিম্ন ২০০ টাকায় দর্শকরা মাঠে বসে ম্যাচ উপভোগের সুযোগ পাবেন।
বিসিবির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের টিকিট নির্ধারিত অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে এবং বিক্রি শুরু হবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে। এবার প্রথমবারের মতো ঢাকা ও চট্টগ্রামে অনুষ্ঠিতব্য ম্যাচগুলোর টিকিটমূল্য একসঙ্গে প্রকাশ করা হয়েছে।
সূচি অনুযায়ী, আগামী ১৭ এপ্রিল শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে ম্যাচগুলো দুপুর ৩টার পরিবর্তে সকাল ১১টায় শুরু হবে। এছাড়া ২৭ এপ্রিল থেকে শুরু হওয়া টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো সন্ধ্যা ৬টার পরিবর্তে বিকেল ৩টায় আয়োজন করা হবে।
ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে মিরপুরে ১৭ ও ২০ এপ্রিল এবং চট্টগ্রামে ২৩ এপ্রিল। পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ ২৭ ও ২৯ এপ্রিল চট্টগ্রামে এবং শেষ ম্যাচ ২ মে মিরপুরে অনুষ্ঠিত হবে।
টিকিটমূল্য অনুযায়ী, মিরপুরে গ্র্যান্ড স্ট্যান্ডের সর্বোচ্চ মূল্য ২৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যেখানে সর্বনিম্ন ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা। একইভাবে চট্টগ্রাম ভেন্যুতেও গ্র্যান্ড স্ট্যান্ড ও রুফটপ প্যাভিলিয়নের টিকিট ২৫০০ টাকা এবং ইস্টার্ন গ্যালারির টিকিট ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

