আপিল বিভাগে মামলা চূড়ান্ত নিষ্পত্তির আগেই সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন হাইকোর্ট। বুধবার সকালে বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে এ বিষয়ে প্রজ্ঞাপন উপস্থাপন করা হলে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চান, ‘এটি কীভাবে সম্ভব?’
রিটকারী আইনজীবী শিশির মনির জানান, বিচারাধীন বিষয় নিষ্পত্তির আগেই সচিবালয়ের কার্যক্রম বন্ধ করে সরকার আদালত অবমাননা করেছে। তিনি বলেন, এ ঘটনায় সরকারের বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করা হবে এবং বৃহস্পতিবার আবেদনটি দাখিল করা হবে।
আইনজীবী আরও দাবি করেন, সুপ্রিম কোর্ট সচিবালয় বিলুপ্তির ঘটনায় আন্তর্জাতিক পরিমণ্ডলেও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। বিষয়টি বিচার বিভাগের স্বাধীনতা ও প্রশাসনিক কাঠামো নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।
এর আগে আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে সুপ্রিম কোর্ট সচিবালয়ের কার্যক্রম বিলুপ্ত করে সেখানে কর্মরত ১৫ জন বিচারককে মন্ত্রণালয়ে সংযুক্ত করে। যদিও বিচার বিভাগ পৃথককরণ সংক্রান্ত রায়ে হাইকোর্ট তিন মাসের মধ্যে সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়েছিলেন। এ রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিলের সিদ্ধান্ত নিলেও এখনো তা করা হয়নি।

