দেশে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের দাম বাড়ানোর পর ধারণা করা হয়েছিল সরবরাহ পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র দেখা যাচ্ছে। রাজধানীর বিভিন্ন জ্বালানি স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও গ্রাহকরা চাহিদামতো তেল পাচ্ছেন না। অনেক পাম্পে তেল বিক্রিতে সীমা বেঁধে দেওয়ায় ভোগান্তি আরও বেড়েছে।
রোববার রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায়, বাইকারদের দীর্ঘ সারি। কেউ ৩০ মিনিট, কেউবা ১ ঘণ্টার বেশি অপেক্ষা করেও পুরো ট্যাংক ভরতে পারছেন না। অনেক পাম্পে নির্দিষ্ট পরিমাণের বেশি তেল দেওয়া হচ্ছে না যেমন ২০০ বা ৩০০ টাকার বেশি নয়।
সরবরাহ স্বাভাবিক হওয়ার বদলে অনেক পাম্প এখনো সীমাবদ্ধতা বজায় রেখেছে। অর্থাৎ, দাম বাড়লেও গ্রাহকরা তাদের প্রয়োজনীয় পরিমাণ তেল পাচ্ছেন না। এতে সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল ও রাইডশেয়ার চালকদের ভোগান্তি চরমে পৌঁছেছে।
পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হলে পরিবহন খাতেও এর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

