নিজের বিতর্কিত কর্মকাণ্ডের তালিকায় নতুন এক মাত্রা যোগ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যিশু খ্রিস্টের মতো চিত্রায়িত নিজের একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করার পর বিশ্বজুড়ে তীব্র সমালোচনার সৃষ্টি হলে তিনি তা মুছে ফেলেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য নিশ্চিত করেছে।
গত রোববার (১২ এপ্রিল) ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ওই ছবিটি প্রকাশ করা হয়। ছবিতে ট্রাম্পকে সাদা পোশাকে এক ব্যক্তির মাথায় হাত রাখতে দেখা যায়, যা যিশুর ঐতিহাসিক নিরাময় দৃশ্যের সঙ্গে হুবহু সাদৃশ্যপূর্ণ। ধর্মীয় প্রতীককে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের এই প্রচেষ্টায় খোদ খ্রিস্টান ধর্মাবলম্বীদের মধ্যেই ক্ষোভের সৃষ্টি হয়, যার ফলে সোমবার ছবিটি সরিয়ে নেওয়া হয়।
ছবিটি প্রকাশের ঠিক আগেই ট্রাম্প বর্তমান পোপের কঠোর সমালোচনা করে আরেকটি পোস্ট দেন। সেখানে তিনি পোপকে ‘অপরাধ দমনে দুর্বল’ এবং ‘জঘন্য’ বলে আক্রমণ করেন। ছবি বিতর্ক নিয়ে পরবর্তীতে সাংবাদিকদের প্রশ্নের মুখে ট্রাম্প অবশ্য দাবি করেন, তিনি নিজেকে যিশু নয় বরং একজন ‘চিকিৎসক’ বা ‘রেড ক্রস কর্মী’ হিসেবে উপস্থাপন করতে চেয়েছিলেন। তিনি আরও যোগ করেন, “আমি এমন কোনো পোপ চাই না যিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সমালোচনা করেন।”
অন্যদিকে, ট্রাম্পের এমন আক্রমণাত্মক মন্তব্যের জবাবে কোনো বিতর্কে জড়াতে চাননি বর্তমান পোপ লিও। আলজিয়ার্স সফরের পথে তিনি সাংবাদিকদের বলেন, “আমি তার সঙ্গে কোনো প্রকার বিতর্কে যেতে চাই না।” উল্লেখ্য, পোপ লিও প্রথম মার্কিন বংশোদ্ভূত পোপ হিসেবে বর্তমানে চারটি আফ্রিকান দেশে ১১ দিনের এক দীর্ঘ সফর শুরু করেছেন।
পোপ লিও স্পষ্ট করেছেন যে, ব্যক্তিগত আক্রমণের চেয়ে তিনি বিশ্বশান্তি ও সংলাপে বেশি মনোযোগী। তিনি জানান, যুদ্ধবিরোধী অবস্থানে অটল থেকে আন্তর্জাতিক সমস্যাগুলোর ন্যায্য সমাধান এবং বহুপাক্ষিক সহযোগিতার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাবেন।

