মাগুরার সদর উপজেলার বগিয়া ইউনিয়নের বাগবাড়িয়া গ্রামের একটি ছোট পারিবারিক খামারে বেড়ে উঠেছে বিশাল আকৃতির ষাঁড় ‘লালু’। লাল রঙের শান্ত স্বভাবের এই গরুটিকে এক নজর দেখতে প্রতিদিনই ভিড় করছেন উৎসুক মানুষ। আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে কোরবানির জন্য প্রস্তুত করা হয়েছে প্রায় ৩০ মণ ওজনের এই ষাঁড়টি, যার দাম খামারি হাঁকছেন ১০ লাখ টাকা।
শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, বাড়ির পাশের টিনশেড গোয়ালঘরে রাখা হয়েছে তিনটি বড় ষাঁড়। তবে সবার নজর কাড়ছে পাকিস্তানি শাহিওয়াল সংকর জাতের ‘লালু’। প্রায় ১৪ দশমিক ৫ ফুট লম্বা এবং ৬ ফুট উচ্চতার এই বিশাল গরুটি দেখতে প্রতিদিনই দূরদূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। গরুটির শান্ত স্বভাব ও বিশাল দেহাকৃতি দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করছেন।
খামারের মালিক ছালেক বিশ্বাস জানান, ছোট পরিসরে পারিবারিকভাবে গরু পালন শুরু করলেও ভবিষ্যতে বড় পরিসরে খামার গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। তার ছেলে আশিক বিশ্বাসের আগ্রহ ও পরিশ্রমেই মূলত গরুগুলো লালন পালন করা হচ্ছে। তিনি আশা করছেন, কোরবানির বাজারে ‘লালু’ ভালো দাম পাবে।

