চট্টগ্রামের ফটিকছড়িতে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের পাইন্দং আমতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন উত্তর পাইন্দং এলাকার বাসিন্দা মুহাম্মদ শাহজাহান ও তার ছেলে মুহাম্মদ আরিফ।
সকালে মোটরসাইকেলে করে যাওয়ার সময় পেছন থেকে একটি বিআরটিসির বাস তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ স্থানীয়রা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা ১১টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।
ফটিকছড়ি থানার উপপরিদর্শক শেখ মোহাম্মদ ইয়াসিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসচালককে আটক করে। এরপর উত্তেজিত জনতা বাসে আগুন দেয়। ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভায়। তিনি বলেন, ঘটনার তদন্ত চলছে এবং দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

