আবারো মাঠে গড়াতে যাচ্ছে প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেট। এ বছর দেশের ৬৪ জেলা থেকে অংশ নেবে ৩৫০টি স্কুল এবং খেলবে সাড়ে আট হাজারের বেশি তরুণ ক্রিকেটার। পুরো টুর্নামেন্টে ম্যাচের সংখ্যা দাঁড়িয়েছে ৬৫১। আগামীকাল ১০ এপ্রিল থেকে জেলা পর্যায়ের খেলা শুরু হবে, এরপর অনুষ্ঠিত হবে বিভাগীয় ও জাতীয় পর্ব।
আজ বৃহস্পতিবার ২০২৫-২৬ মৌসুমের প্রাইম ব্যাংক ন্যাশনাল স্কুল ক্রিকেটের জার্সি উন্মোচন করা হয়। এর আগে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাতীয় দলের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তিনি স্কুল ক্রিকেটের গুরুত্ব তুলে ধরে বলেন, স্কুল পর্যায়ের এই প্রতিযোগিতাকে আরও বড় পরিসরে দেখা উচিত এবং ক্রিকেট বোর্ড ও প্রাইম ব্যাংককে ধন্যবাদ জানান-কারণ তারা নিয়মিতভাবে স্কুলগুলোকে সহায়তা করছে।
দেশের ক্রিকেটের ভবিষ্যৎ গড়ে তোলার অন্যতম প্ল্যাটফর্ম হিসেবে স্কুল ক্রিকেটকে আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। নতুন মৌসুমে তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়েও আশাবাদী ক্রিকেট সংশ্লিষ্টরা।

