প্রধান খবর

নাঈম হেনস্তার অভিযোগে কোয়াবের নিন্দা, শাস্তির দাবি ইমনের

চট্টগ্রামে নিজ বাসভবনে ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের স্পিনার নাঈম হাসানের ওপর শারীরিক নির্যাতন ও হেনস্তার অভিযোগকে কেন্দ্র করে উদ্বেগ ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। ঘটনাটির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (কোয়াব)। একই সঙ্গে জাতীয় দলের ওপেনার পারভেজ হোসেন ইমনও ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কোয়াবের এক বিবৃতিতে বলা হয়, ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচ শেষে গত ১২ জুন রাতে চট্টগ্রামে ফেরার পথে লালখান বাজার এলাকায় পুলিশ পরিচয়ে নাঈম হাসানকে থামানো হয়। অভিযোগ অনুযায়ী, এ সময় তার সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় এবং পরিচয় নিশ্চিত হওয়ার পরও শারীরিকভাবে নির্যাতন করা হয়। পরে তাকে খুলশী থানায় নেওয়া হলে সেখানেও দুর্ব্যবহারের শিকার হতে হয়েছে বলে দাবি করা হয়েছে।

সংগঠনটি সংশ্লিষ্ট ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত ও কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে। কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন ইতোমধ্যে নাঈম হাসানের সঙ্গে যোগাযোগ করেছেন এবং দেশের ক্রিকেটার সমাজ তার পাশে রয়েছে বলে আশ্বস্ত করেছেন।

অন্যদিকে, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক প্রতিক্রিয়ায় পারভেজ হোসেন ইমন ঘটনাটিকে নিন্দনীয়, দুঃখজনক ও উদ্বেগজনক বলে উল্লেখ করেন। তিনি বলেন, জাতীয় দলের একজন ক্রিকেটারের সঙ্গে এমন আচরণের অভিযোগ শুধু ব্যক্তিগত মর্যাদার প্রশ্ন নয়, বরং দেশের ক্রীড়াঙ্গনের ভাবমূর্তির সঙ্গেও সম্পর্কিত। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *