রাজধানীতে জ্বালানি সংকট এমন পর্যায়ে পৌঁছেছে যে তেলের জন্য রাতভর গাড়ি নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। এয়ারপোর্ট রোডের ডিএল ফিলিং স্টেশনের সামনে শত-শত চালক রাত কাটিয়েছেন জ্বালানির অপেক্ষায়।
সোমবার সরেজমিনে দেখা গেছে, স্টেশন থেকে শুরু হওয়া লাইন জসিমউদ্দীন রোড পেরিয়ে আশপাশের সেক্টরের ভেতর পর্যন্ত ঢুকে গেছে। দীর্ঘ লাইনে প্রাইভেটকার, প্রাডো, জিপ সব ধরনের গাড়িই রয়েছে। অনেক চালক জানান, তারা রোববার রাত ১০টার আগেই লাইনে দাঁড়িয়েছেন, কিন্তু এতক্ষণ অপেক্ষার পরও তেল মেলেনি।
অপেক্ষার ক্লান্তিতে কেউ গাড়ির ভেতরে বিশ্রাম নিচ্ছেন, কেউ বাইরে ছায়াযুক্ত জায়গায় সময় কাটাচ্ছেন। অনেককে লুঙ্গি পরে হাঁটাহাঁটি করতে দেখা গেছে। দীর্ঘ লাইনের সুযোগে পাম্পসংলগ্ন এলাকায় গড়ে উঠেছে ভাসমান দোকান কলা, রুটি, পানি, মাঠা, চা, পান-সিগারেটসহ নানা পণ্য বিক্রি করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
পাম্পের বিক্রয়কর্মীরা জানিয়েছেন, তেল মিলতে পারে বিকেল ৫টার পর। তাই বাধ্য হয়ে চালকরা এখনো লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করছেন।

