প্রধান খবর

ট্রাম্প মানসিকভাবে ভারসাম্যহীন-জন ব্রেনান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মানসিক সুস্থতা এবং দেশ পরিচালনার যোগ্যতা নিয়ে নতুন করে বিতর্ক উসকে দিয়েছেন দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিআইএ-এর সাবেক পরিচালক জন ব্রেনান। শনিবার (১১ এপ্রিল) মার্কিন সংবাদমাধ্যম এমএসএনবিসি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রেনান দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্টতই মানসিকভাবে ভারসাম্যহীন এবং তাকে অবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া উচিত।

বারাক ওবামার প্রশাসনের গুরুত্বপূর্ণ এই গোয়েন্দা প্রধান যুক্তি দেন যে, মার্কিন সংবিধানের ২৫তম সংশোধনী এমন পরিস্থিতির জন্যই প্রণয়ন করা হয়েছিল। তার মতে, প্রেসিডেন্ট যখন মানসিকভাবে অযোগ্য হয়ে পড়েন, তখন এই সংশোধনীর মাধ্যমেই তাকে ক্ষমতা থেকে সরানো সংগত। ব্রেনান বলেন, “২৫তম সংশোধনীটি সম্ভবত ডোনাল্ড ট্রাম্পের মতো ব্যক্তিত্বকে মাথায় রেখেই লেখা হয়েছিল।”

ব্রেনানের এই কঠোর সমালোচনার নেপথ্যে রয়েছে ইরান ইস্যুতে ট্রাম্পের কিছু উসকানিমূলক মন্তব্য। বিশেষ করে ইরানি সভ্যতা ধ্বংসের হুমকি এবং এর ফলে সৃষ্ট বৈশ্বিক ঝুঁকিকে তিনি অগ্রহণযোগ্য বলে মনে করেন। তিনি সতর্ক করে বলেন, ট্রাম্পের হাতে আমেরিকার পারমাণবিক অস্ত্রভান্ডারসহ যে বিপুল সামরিক শক্তি রয়েছে, তা বর্তমান পরিস্থিতিতে অত্যন্ত বিপজ্জনক। একজন ‘ভারসাম্যহীন’ ব্যক্তির হাতে কমান্ডারের দায়িত্ব থাকা মানেই হলো লাখ লাখ মানুষের জীবনকে ঝুঁকির মুখে ফেলা।

সাবেক এই গোয়েন্দা প্রধানের মতে, ট্রাম্পের কর্মকাণ্ড কেবল রাজনৈতিক বিশৃঙ্খলা সৃষ্টি করছে না, বরং তা আন্তর্জাতিক নিরাপত্তার ভিত নাড়িয়ে দিচ্ছে। কমান্ড-ইন-চিফ হিসেবে ট্রাম্পের অযোগ্যতা এখন জাতীয় নিরাপত্তার প্রশ্নে পরিণত হয়েছে বলে তিনি মনে করেন।

যদিও ট্রাম্প প্রশাসন বরাবরই ব্রেনানের এ ধরনের মন্তব্যকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করে আসছে, তবে হোয়াইট হাউসের অভ্যন্তরে এবং বাইরে তাকে ঘিরে পদচ্যুতির এই জোরালো দাবি ওয়াশিংটনের রাজনীতিতে নতুন করে অস্থিরতা তৈরি করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *