কৃষিখাতের আধুনিকায়ন ও কৃষকদের সেবা প্রাপ্তি সহজতর করতে আজ টাঙ্গাইলে ‘কৃষক কার্ড’ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে, যা কৃষি উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচনের প্রত্যাশা জাগিয়েছে।
মঙ্গলবার সকাল ৮টায় রাজধানীর গুলশানস্থ বাসভবন থেকে সড়কপথে রওনা হয়ে সকাল ১০টার দিকে টাঙ্গাইলে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সফরের শুরুতে তিনি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর মাজার জিয়ারত করবেন।
এরপর সকাল সাড়ে ১০টায় টাঙ্গাইলের শহিদ মারুফ স্টেডিয়ামে ‘কৃষক কার্ড’ কর্মসূচির প্রি-পাইলটিং কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন এবং কৃষক সমাবেশে বক্তব্য প্রদান করবেন। এই কর্মসূচির মাধ্যমে কৃষকদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা ও সেবা আরও সহজলভ্য হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
দুপুর সোয়া ১২টায় পৌর উদ্যানে আয়োজিত কৃষি মেলার উদ্বোধনের মধ্য দিয়ে দিনের কার্যক্রমের আরেকটি গুরুত্বপূর্ণ পর্ব সম্পন্ন হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইং সফরের বিষয়টি নিশ্চিত করেছে। এদিকে, এ সফরকে কেন্দ্র করে টাঙ্গাইলে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে এবং সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

