উইনস্টন চার্চিল বা জেন অস্টেনের মতো ঐতিহাসিক ব্যক্তিত্বদের বদলে এবার যুক্তরাজ্যের ব্যাংকনোটে স্থান পেতে পারে বিভিন্ন বন্যপ্রাণীর ছবি। ব্যাংক অব ইংল্যান্ড নতুন ব্যাংকনোটের সম্ভাব্য নকশার একটি সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করেছে, যেখানে রয়েছে পাফিন পাখি, ডলফিন ও মৌমাছির মতো পরিচিত প্রাণী।
জাল নোট প্রতিরোধের বৃহত্তর উদ্যোগের অংশ হিসেবেই এই পরিবর্তনের চিন্তা করা হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। তাদের মতে, সময়ের সঙ্গে তাল মিলিয়ে ব্যাংকনোটের নিরাপত্তা ব্যবস্থা শক্তিশালী করতে এবং ব্যবহার সহজ করতে নকশা পরিবর্তন করা জরুরি।
ব্যাংক কর্তৃপক্ষ বলছে, বন্যপ্রাণীর জটিল নকশা জাল নোট তৈরি করাকে আরও কঠিন করে তুলতে পারে। একই সঙ্গে এটি যুক্তরাজ্যের সমৃদ্ধ প্রাকৃতিক ঐতিহ্য তুলে ধরারও একটি সুযোগ। বন্যপ্রাণী বিশেষজ্ঞদের একটি প্যানেলের সহায়তায় এই শর্টলিস্ট তৈরি করা হয়েছে।
তবে বিখ্যাত ব্যক্তিদের ছবি বাদ দিয়ে প্রাণীদের ছবি ব্যবহারের সম্ভাব্য সিদ্ধান্ত নিয়ে যুক্তরাজ্যে ইতোমধ্যে বিতর্ক শুরু হয়েছে। কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাডেনখ এই উদ্যোগকে “বোকা সিদ্ধান্ত” বলে মন্তব্য করেছেন। রিফর্ম ইউকের নেতা নাইজেল ফারাজ একে “সম্পূর্ণ পাগলামি” বলে আখ্যা দিয়েছেন। অন্যদিকে বন্যপ্রাণী সংস্থা আরএসপিসিএর সমালোচনা আরও ভিন্ন তাদের মতে, ডলফিন বা পাফিনের মতো আকর্ষণীয় প্রাণীর বদলে পায়রা, ইঁদুর বা গাঙচিলের মতো অবহেলিত প্রাণীদের অগ্রাধিকার দেওয়া উচিত ছিল।
নতুন নকশা চূড়ান্ত হলে তা যুক্তরাজ্যের প্রচলিত ৫, ১০, ২০ ও ৫০ পাউন্ডের ব্যাংকনোটে ব্যবহার করা হবে।

