চট্টগ্রাম বন্দরের ইয়ার্ড থেকে কোটি টাকার গার্মেন্টস কাপড় ভর্তি একটি কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের দুই কর্মচারীকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২০ মে) অভিযান চালিয়ে বন্দর থানা পুলিশ তাদের আটক করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন মিজানুর রহমান (৩৫) ও আবু সুফিয়ান (৪০)। মিজানুর রহমান চট্টগ্রাম বন্দরে উচ্চমান বহিঃসহকারী হিসেবে এবং আবু সুফিয়ান কিপ ডাউন এসসি-১৮৮ পদে কর্মরত ছিলেন। পুলিশ জানিয়েছে, তদন্তে তাদের সংশ্লিষ্টতার তথ্য পাওয়ার পর গ্রেফতার করা হয়।
পুলিশ ও বন্দর সূত্রে জানা যায়, চীন থেকে আমদানি করা গার্মেন্টস কাপড় ভর্তি ৪০ ফুটের একটি কনটেইনার গত বছরের ৪ আগস্ট থেকে চলতি বছরের ২ এপ্রিলের মধ্যে কোনো একসময় বন্দরের জে আর ইয়ার্ড থেকে সরিয়ে ফেলা হয়। কনটেইনারটির নম্বর টিসিএলইউ-৮৫৫৭৩০৪। এতে কয়েক কোটি টাকার কাপড় ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান।
গাজীপুরের মোয়াজউদ্দিন টেক্সটাইল লিমিটেড কনটেইনারটি আমদানি করে। পরে শুল্ককর পরিশোধ শেষে সিঅ্যান্ডএফ এজেন্ট কনটেইনারটি খালাস নিতে গেলে সেটি আর খুঁজে পাওয়া যায়নি। এরপর বন্দর থানায় মামলা দায়ের করা হয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবদুর রহিম জানান, ঘটনার সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। এদিকে, চট্টগ্রাম বন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনার ভেতর থেকে কনটেইনার উধাও হওয়ার ঘটনায় বন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে।

