রাশিয়ার নতুন হামলার পর কিয়েভের বিভিন্ন জায়গা থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা গেছে। রাজধানীর মেয়র ভিতালি ক্লিচকো সাধারণ মানুষকে আশ্রয়কেন্দ্রে অবস্থান করার অনুরোধ জানিয়েছেন। কিয়েভের সামরিক প্রশাসক তৈমুর তাকাচেঙ্কো নিশ্চিত করেছেন, রাশিয়া রাজধানীতে ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে।
মঙ্গলবার ভোরে চালানো এই হামলার আগেই সোমবার সতর্ক করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তিনি জানান, তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে শত্রুপক্ষ বড় ধরনের হামলার পরিকল্পনা করছে। তার কয়েক ঘণ্টা পরই রুশ বাহিনী ব্যালিস্টিক মিসাইল ছোড়ে।
সাম্প্রতিক কয়েক মাসের মধ্যে ইউক্রেনজুড়ে এটিই সবচেয়ে বড় হামলা। এতে নতুন করে ১০ জন নিহত হয়েছেন ছয়জন দিনিপ্রোতে এবং চারজন কিয়েভে। আহত হয়েছেন শিশুসহ কয়েক ডজন বেসামরিক মানুষ। কিয়েভের কয়েকটি অ্যাপার্টমেন্ট ভবন সরাসরি লক্ষ্য করে হামলা চালানো হয়, যার ফলে বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েন। ভোর থেকেই উদ্ধারকর্মীরা তাদের বের করে আনার চেষ্টা চালাচ্ছেন।
গত সপ্তাহে রাশিয়ার নিয়ন্ত্রণাধীন লুহানস্কের একটি কলেজ ক্যাম্পাসে ইউক্রেনের ড্রোন হামলায় ২১ জন নিহত হন, যাদের বেশিরভাগই শিক্ষার্থী। সেই ঘটনার পর থেকেই রাশিয়া ধাপে ধাপে জবাব দেওয়ার হুমকি দিয়ে আসছিল। মঙ্গলবারের হামলা সেই প্রতিশোধমূলক ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।

