ঈদুল আজহার চতুর্থ দিনে রোববার রাজধানীর অন্যতম প্রবেশপথ কমলাপুর রেলওয়ে স্টেশনে বিভিন্ন জেলা থেকে ফেরা কর্মজীবী মানুষের ভিড় চোখে পড়েছে। টানা সাত দিনের ছুটির শেষ দিনে সরকারি-বেসরকারি বিভিন্ন পেশার মানুষ কিছুটা আগেই কর্মস্থলে ফিরছেন। যাত্রীরা জানিয়েছেন, ঈদের আগে বাড়ি যেতে যতটা ভোগান্তি পোহাতে হয়েছিল, ফেরার পথে ততটা হয়নি বরং স্বস্তিতেই ফিরতে পেরেছেন তারা।
সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে দুপুর দেড়টা পর্যন্ত অন্তত ১০টি ট্রেন কমলাপুরে পৌঁছেছে এবং প্রতিটি ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল উল্লেখযোগ্য। বিমানবন্দর স্টেশনে যাত্রীদের বড় অংশ নেমে যাওয়ার পরও কমলাপুরে পৌঁছানো প্রায় সব ট্রেনেই সিটে বসার পর দাঁড়িয়ে থাকা যাত্রী নিয়ে ফিরতে দেখা গেছে। ঈদের আগে যেভাবে ট্রেনের ছাদে চড়ে মানুষ গ্রামে গিয়েছিল, ফেরার পথে তেমন দৃশ্য আর দেখা যায়নি।
বেলা ১১টা ১৫ মিনিটে সিরাজগঞ্জ থেকে ‘সিরাজগঞ্জ এক্সপ্রেস’ কমলাপুরে পৌঁছায়। ট্রেনের এক যাত্রী জানান, সোমবার কর্মস্থলে যোগ দিতে হবে। সোমবার ভিড় বেশি হতে পারে ভেবে একদিন আগেই পরিবার নিয়ে ঢাকায় ফিরেছেন তারা।

