পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, গুম হওয়া বিএনপি নেতা এম. ইলিয়াস আলীর ত্যাগ দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে। তিনি মনে করেন, আন্দোলন-সংগ্রামে যারা জীবন দিয়েছেন বা নির্যাতনের শিকার হয়েছেন, তাঁদের অবদান জাতি কখনো ভুলবে না। এসব ত্যাগই ভবিষ্যতে গণতন্ত্রকে আরও দৃঢ় ভিত্তির ওপর দাঁড় করাবে।
শুক্রবার হযরত শাহজালাল (রহ.) মাজারে জুমার নামাজ শেষে ইলিয়াস আলীর জন্য আয়োজিত দোয়া মাহফিল শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, যারা দীর্ঘদিন ধরে নির্যাতন–নিপীড়নের শিকার হয়েছেন এবং যারা আন্দোলনে জীবন দিয়েছেন, তাঁদের ত্যাগ বৃথা যাবে না। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা এসব ত্যাগের মাধ্যমেই আরও সুদৃঢ় হবে।

