প্রধান খবর

ইবোলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ ডব্লিউএইচও’র

গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে (ডিআর কঙ্গো) ছড়িয়ে পড়া ইবোলা ভাইরাসের প্রাদুর্ভাব ধারণার চেয়েও ভয়াবহ হতে পারে বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, তদন্ত যত এগোচ্ছে ততই নতুন নতুন এলাকায় সংক্রমণের তথ্য পাওয়া যাচ্ছে।

ডব্লিউএইচও’র প্রতিনিধি ডা. অ্যান আনসিয়া জানান, ভাইরাসটি ইতোমধ্যে সীমান্ত পেরিয়ে প্রতিবেশী উগান্ডাসহ বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত ডিআর কঙ্গোতে ইবোলায় অন্তত ১৩১ জনের মৃত্যু হয়েছে এবং ৫১৩টির বেশি সন্দেহভাজন সংক্রমণ শনাক্ত হয়েছে। উগান্ডাতেও একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।

এদিকে গবেষকরা আশঙ্কা করছেন, প্রকৃত আক্রান্তের সংখ্যা সরকারি হিসাবের তুলনায় অনেক বেশি হতে পারে। লন্ডনভিত্তিক এমআরসি সেন্টারের এক গবেষণায় বলা হয়েছে, শনাক্তের বাইরে থাকা সংক্রমণ মিলিয়ে আক্রান্তের সংখ্যা ইতোমধ্যে এক হাজার ছাড়িয়ে যেতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, নিরাপত্তাহীনতা, মানুষের ঘন ঘন স্থান পরিবর্তন এবং স্বাস্থ্যব্যবস্থার দুর্বলতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। ডিআর কঙ্গোর পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বিদ্রোহী তৎপরতা থাকায় রোগ নিয়ন্ত্রণ কার্যক্রম ব্যাহত হচ্ছে।

পরিস্থিতি মোকাবিলায় কয়েকটি আফ্রিকান দেশ সীমান্তে নজরদারি বাড়িয়েছে। রুয়ান্ডা ডিআর কঙ্গোর সঙ্গে সীমান্ত বন্ধ করেছে এবং উগান্ডা সরকার জনগণকে করমর্দন ও আলিঙ্গন এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *