প্রধান খবর

রাজ্যসভা থেকে কোয়েল মল্লিকের পদত্যাগ, তৃণমূলে নতুন আলোচনা

ভারতের পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী ও তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য কোয়েল মল্লিক পদত্যাগ করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) তিনি রাজ্যসভার চেয়ারম্যানের কাছে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তার এই সিদ্ধান্ত দেশটির রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েকদিন ধরেই কোয়েল মল্লিকের পদত্যাগ নিয়ে জোর গুঞ্জন চলছিল। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে তিনি সদস্যপদ থেকে সরে দাঁড়ান। এর আগে তৃণমূল কংগ্রেসের আরও কয়েকজন রাজ্যসভার সদস্য পদত্যাগ করায় দলটির সংসদীয় অবস্থানও দুর্বল হয়েছে। বর্তমানে রাজ্যসভায় দলটির সদস্য সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।

বিশ্লেষকদের মতে, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে দলের হতাশাজনক ফলাফলের পর থেকেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরে অসন্তোষ ও বিভাজনের ইঙ্গিত দেখা যাচ্ছে। বিভিন্ন পর্যায়ের নেতাদের মধ্যে মতপার্থক্য এবং নেতৃত্ব নিয়ে প্রশ্ন রাজনৈতিক অঙ্গনে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

উল্লেখ্য, চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজ্যসভা নির্বাচনের জন্য প্রকাশিত তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকায় কোয়েল মল্লিকের নাম অন্তর্ভুক্ত ছিল। পরে এপ্রিল মাসে তিনি রাজ্যসভার সদস্য হিসেবে শপথ গ্রহণ করেন। সে সময় জনসেবা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করলেও সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সদস্যপদ থেকে সরে দাঁড়ালেন।

রাজনৈতিক পর্যবেক্ষকদের ধারণা, কোয়েল মল্লিকের এই পদত্যাগ তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে নতুন প্রশ্ন ও আলোচনা আরও জোরালো করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *