বাংলা নববর্ষ ১৪৩৩ কে ঘিরে রাজধানীজুড়ে ছড়িয়ে পড়েছে উৎসবের আমেজ। তীব্র গরমে জনজীবন কিছুটা অস্বস্তিকর হলেও উদযাপনের উচ্ছ্বাসে তার কোনো প্রভাব পড়েনি। মঙ্গলবার সকাল থেকেই শাহবাগ, রমনা পার্ক, টিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট এলাকায় মানুষের ঢল নেমেছে।
পরিবার, বন্ধু ও প্রিয়জনদের সঙ্গে ঘুরে বেড়ানো, ছবি তোলা, শুভেচ্ছা বিনিময় সব মিলিয়ে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠেছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের উপস্থিতিও আরও বাড়তে থাকে। লাল-সাদা পোশাকে সেজে ওঠা তরুণ-তরুণীরা দল বেঁধে ঘুরছেন, কেউ ঐতিহ্যবাহী নকশার পোশাকে ছবি তুলছেন, আবার কেউ সেলফিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন।
চারুকলা ইনস্টিটিউটের আশপাশে গালে রঙতুলির আঁচড়ে ‘শুভ নববর্ষ’ লিখিয়ে নেওয়ার দৃশ্যও ছিল বেশ চোখে পড়ার মতো। নববর্ষের আনন্দে রাজধানীর প্রধান সাংস্কৃতিক এলাকাগুলো যেন এক বিশাল মিলনমেলায় পরিণত হয়েছে।

