যুক্তরাষ্ট্রে নিত্যপণ্যের দাম বাড়তে থাকায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি চমকপ্রদভাবে বলেন, “আমি মূল্যস্ফীতি ভালোবাসি। সংখ্যাগুলো চমৎকার ছিল। জানেন আমি আসলে কী ভালোবাসি? আমি মুদ্রাস্ফীতি ভালোবাসি।” হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
তবে ট্রাম্প আশ্বাস দিয়েছেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ পরিস্থিতি শেষ হলে পণ্যের দাম আবার কমে আসবে। তার দাবি, বর্তমান মূল্যবৃদ্ধির বড় অংশই যুদ্ধজনিত জ্বালানি ব্যয়ের কারণে।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে গত তিন বছরে নিত্যপণ্যের দাম গত মাসে সবচেয়ে বেশি বেড়েছে। ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিকস (বিএলএস) জানায়, গত বছরের তুলনায় মে মাসে মূল্যস্ফীতি বেড়েছে ৪.২%, যা এপ্রিলে ছিল ৩.৮%। এই বৃদ্ধির প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে ইরানে মার্কিন-ইসরায়েল যুদ্ধের পর জ্বালানির ব্যয় বৃদ্ধি।
বিশ্লেষকদের মতে, জ্বালানির দাম বাড়লে পরিবহন ব্যয় বাড়ে, আর তার প্রভাব পড়ে খাদ্য, পোশাকসহ সব নিত্যপণ্যের ওপর। ফলে যুক্তরাষ্ট্রের সাধারণ ভোক্তারা এখন আগের তুলনায় বেশি চাপের মুখে।

