মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও ২০২৬ ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে ইরান। দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটিয়ে দেশটির ফুটবল ফেডারেশন নিশ্চিত করেছে, যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপে অংশ নেবে ইরান জাতীয় দল।
শনিবার এক বিবৃতিতে ইরান ফুটবল ফেডারেশন জানায়, দেশের সংস্কৃতি, আদর্শ ও জাতীয় অবস্থান অক্ষুণ্ন রেখেই তারা বিশ্বকাপে অংশগ্রহণ করবে। একই সঙ্গে আয়োজক দেশগুলোর প্রতি নিজেদের উদ্বেগ ও শর্তগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানিয়েছে তারা।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার পর থেকেই ইরানের বিশ্বকাপ অংশগ্রহণ নিয়ে নানা জল্পনা তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক অস্থিরতার মধ্যেও দলটির প্রস্তুতি কার্যক্রম অব্যাহত রয়েছে। কোচ আমির ঘালেনোই জানিয়েছেন, প্রাথমিকভাবে ৩০ সদস্যের দল ঘোষণা করা হবে, যা পরে ২৬ জনে চূড়ান্ত করা হবে।
বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে ইরান তুরস্কে অনুশীলন ক্যাম্প করবে। যদিও কয়েকটি দল শেষ মুহূর্তে প্রীতি ম্যাচ বাতিল করায় প্রস্তুতি পরিকল্পনায় কিছু পরিবর্তন এসেছে। আগামী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইরান।

